নওগাঁ মহাদেবপুর সদরে ১৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, বাড়বে নিরাপত্তা নজরদারি
উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার আধুনিক নগর ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে ১৫টি উন্নত মানের সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন করা হয়েছে।মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুলের উদ্যোগে, উপজেলা পরিষদের অর্থায়নে এবং মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় এসব ক্যামেরা স্থাপন করা হয়।স্থাপিত ক্যামেরাগুলোর মনিটরিং ও নিয়ন্ত্রণের জন্য মহাদেবপুর থানায় একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে নওগাঁ শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু হওয়ার কয়েক মাসের মধ্যে মহাদেবপুরেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলো।সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সিসিটিভি নজরদারি ব্যবস্থা অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্তকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর ও প্রতিরোধমূলক পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের ফলে মহাদেবপুর উপজেলা সদরের নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।