হোসেনপুরে ফুলেল ভালোবাসায় সিক্ত এমপি মাজহারুল, বিদ্যালয়ের নতুন ভবন ও সড়ক সংস্কারে দিলেন আশ্বাস
বদরুজ্জামান ভূঞা সোহাগ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জের হোসেনপুরে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে সংবর্ধিত হয়েছেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম মাজহার। উপজেলার চরপুমদীতে অবস্থিত ঐতিহ্যবাহী হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন, বাউন্ডারি দেয়াল ও দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণের পাশাপাশি পুমদী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস দেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য উপস্থিত হলে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে তাঁকে বরণ করে নেয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম মাজহার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে নতুন একাডেমিক ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর ও প্রধান ফটক নির্মাণের দাবি জানান। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও নিরাপদ হবে।দাবিগুলোর পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম মাজহার বলেন, বিদ্যালয়ের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে নতুন একাডেমিক ভবন, বাউন্ডারি দেয়াল ও প্রধান ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।এ সময় তিনি পুমদী ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের বিষয়েও আশ্বাস দেন। তাঁর এ ঘোষণায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসিম সবুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ইটভাটা সমিতির সভাপতি খালেকুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী হেলাল উদ্দিন, পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।শিক্ষার উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার অগ্রগতির প্রত্যাশাস্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট অনেকটাই দূর হবে। পাশাপাশি পুমদী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগও কমবে। এখন এলাকাবাসীর অপেক্ষা, প্রতিশ্রুত উদ্যোগগুলোর বাস্তবায়নের।