নাটোরে হুইপ দুলু'র মানবিকতা - পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন, বাঁচালো না শুিশু
মোঃ মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নাটোরঃ
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে তিন বছর বয়সী সাদিপের মৃত্যু হয়েছে। স্বজনদের কান্নাকাটি দেখে গাড়ি থামিয়ে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।রবিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার শাখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাদিপ ওই এলাকার বকুল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি রামশার কাজিপুর থেকে ফেরার পথে শাখারীপাড়ায় মানুষের ভিড় ও কান্নার শব্দ শুনে গাড়ি থামান দুলু। সেখানে গিয়ে দেখেন, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে ঘিরে স্বজনেরা আহাজারি করছেন। শিশুটি জীবিত থাকতে পারে ভেবে তিনি দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন।সঙ্গে থাকা পুলিশের গাড়িতে করে সাদিপকে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির চাচা জানান, দুলু তাঁদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে তাঁর ভাতিজাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।দুলু বলেন, শিশুটিকে জীবিত মনে হওয়ায় দেরি না করে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠান। ১০ মিনিটেরও কম সময়ে হাসপাতালে পৌঁছানো গেলেও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সফল হয়নি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসা দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান বিষয়টি অবগত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।