বালাসীঘাট সেতুর দাবিতে বাবা-ছেলের আন্দোলনে গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:
বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবি এখন আর নির্দিষ্ট কোনো ব্যক্তি বা এলাকার মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষাঙ্গন থেকে রাজপথ—সর্বত্র ছড়িয়ে পড়ছে দীর্ঘদিনের এই গণদাবি। এবার বালাসী ঘাটে সেতু নির্মাণের দাবিতে চলমান বাবা-ছেলের উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেছে গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার।সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণ বাবা-ছেলের ব্যতিক্রমী উদ্যোগকে আরও উৎসাহিত করেছে। একই সঙ্গে সেতু নির্মাণের দাবিটি নতুন করে আলোচনায় এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে।সংশ্লিষ্টদের মতে, বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মিত হলে গাইবান্ধাসহ বৃহত্তর উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। নদীপথের ওপর নির্ভরতা কমার পাশাপাশি দুই অঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।দীর্ঘদিন ধরে এ সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন উত্তরাঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সময়ের সঙ্গে সেই দাবি সামাজিক আন্দোলনে রূপ নিচ্ছে। বিশেষ করে বাবা-ছেলের উদ্যোগে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা আন্দোলনটিকে আরও বিস্তৃত ও প্রাণবন্ত করে তুলছে।