মান্দার কশব ইউনিয়নে উন্নয়ন ও ফ্যামিলি কার্ড নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হারুনের মতবিনিময়
সাহেদ রানা (নওগাঁ প্রতিনিধি)
নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নে এলাকার উন্নয়ন ও ফ্যামিলি কার্ড নিয়ে স্থানীয় মা-বোনদের সঙ্গে দিনব্যাপী জনসংযোগ ও মতবিনিময় করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন। শুক্রবার (২৭ নভেম্বর) সারাদিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে হারুন জাতীয় নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের বার্তা নিয়েই তিনি আজ মা-বোনদের কাছে এসেছেন বলে জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছেন। একজন মাকে প্রতি মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হলে পরিবারে মায়েদের মর্যাদা ও কদর বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের বোঝা মনে করবেন না—এমন ভাবনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এলাকার উন্নয়ন প্রসঙ্গে হারুন বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসাসহ সার্বিক উন্নয়নে কে কাজ করতে পারবেন এবং কার যোগ্যতা কতটুকু, তা বিবেচনা করে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। অযোগ্য কাউকে দায়িত্ব দিলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর প্রসঙ্গ তুলে ধরে হারুন বলেন, সংসদ সদস্যের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন ও সরকারি বরাদ্দ পাওয়ার সুযোগ রয়েছে এবং এরই মধ্যে প্রসাদপুর এলাকায় সেতু নির্মাণসহ মান্দার জন্য বিভিন্ন উন্নয়নকাজ এসেছে।এ সময় দিনব্যাপী এই জনসংযোগে স্থানীয় নারীদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও ফ্যামিলি কার্ড বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী হারুন।