প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
চানখারপুলে বাসচাপায় ওষুধ কোম্পানির কর্মী নিহত, বাস জব্দ
||
রাজধানীর পুরান ঢাকার চানখারপুল এলাকায় রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় জয়দেব (৪০) নামে এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটরের মৃত্যু হয়েছে। নিহত জয়দেব রয়েল ল্যাবরেটরিজ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চানখারপুল ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুসা গাজী জানান, বিকালের দিকে চানখারপুল ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহনের একটি বাস জয়দেবকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুসা গাজী আরও জানান, প্রথমে নিহতের পূর্ণ পরিচয় জানা না গেলেও পরে তার নাম জয়দেব বলে জানা যায়। এছাড়া তিনি রয়েল ল্যাবরেটরিজের একজন ডিস্ট্রিবিউটর কর্মী ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
পরিদর্শক ফারুক আরও জানান, নিহতের নাম জানা গেলেও তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত মৌমিতা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত