প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
সিঙ্গাপুরে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি সেবার উদ্বোধন
||
সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
এর মাধ্যমে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশী নাগরিকরা দেশে না ফিরেই ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো: সানাউল্লাহ আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন এবং তিনজন প্রবাসী বাংলাদেশীর হাতে স্মার্ট কার্ড হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রবাসীদের সাথে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসি সানাউল্লাহ বলেন, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনবান্ধব করার লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি দুর্নীতি ও অসাধু দালালচক্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সেবাটি আরো সহজ, দ্রুত ও কার্যকরভাবে প্রদানের জন্য হাইকমিশন সব সময় সচেষ্ট থাকার আশ্বাস দেন।
সূত্র : বাসস
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত