গাছের গায়ে ঝুঁকিপূর্ণ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী
স্টাফ রিপোর্টার:মোঃ বাদশা মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার
সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার (মোড়াহাটি) গ্রামের বাসিন্দা মোঃ নুরু মিয়া (পিতা: মৃত আবুল ফয়েজ মিয়া)-এর বাড়ির সামনে থাকা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন গাছের সঙ্গে জড়িয়ে থাকায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঝড়-বৃষ্টি শুরু হলেই বিদ্যুতের তার গাছের ডালপালার সঙ্গে স্পর্শ করে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যেকোনো সময় গাছে বিদ্যুৎ প্রবাহিত হয়ে পথচারী, শিশু ও সাধারণ মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গ্রামের মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে গাছের সঙ্গে থাকা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনটি অপসারণ বা নিরাপদ স্থানে স্থানান্তর করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আকুল আবেদন, সম্ভাব্য প্রাণহানি এড়াতে দ্রুত ঝুঁকিপূর্ণ লাইনটি অন্যত্র সরিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।