দুর্যোগে অসহায় মানুষের পাশে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় ত্রাণ ও বিনামূল্যে ওষুধ বিতরণ
মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত ও অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অসুস্থ ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সচিব সৌভন ভৌমিক, সি প্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে প্রশাসনের ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।