ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ আহসান উল্লাহ।
পারভেজ আকন্দ (নরসিংদী) প্রতিনিধি
তিনি বিজয়নগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। জুন ২০২৬ মাসে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে জেলার ৯ টি থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ। পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ এ স্বীকৃতি অর্জন করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের আস্থা অর্জনে তার নেতৃত্বগুণ সহকর্মীদের মধ্যে প্রশংসিত হয়েছে।একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন একই থানার এসআই (নিঃ) মাহবুবুল আলম। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে সম্ভব হয়নি, বিজয়নগর থানার সকল কর্মকর্তাগণসহ এলাকাবাসীর সহযোগিতার মাধ্যমেই এটি অর্জন করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। আমি দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিজয়নগর থানাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। এ ধরনের সম্মাননা পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগায়। জনগণের সেবায় নিজেকে আরও উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।