পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে চেয়ারম্যান প্রার্থী যাচাই-বাছাই নিয়ে বিএনপির আলোচনা সভা
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নে দলীয় ঐক্য সুদৃঢ় ও যোগ্য চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে মনোহরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাই, দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যক্তিগত মতপার্থক্য ও বিভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ কাফি মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছাইদার রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবু কাজী, প্রবীণ নেতা মোঃ ফারুক মিয়া এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বুগদিল খান।এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। যোগ্যতা, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নিয়ে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।নেতারা আরও বলেন, ব্যক্তির চেয়ে দল বড়—এই নীতিকে সামনে রেখে পারস্পরিক মতভেদ ও বিভাজন দূরে সরিয়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়েই নির্বাচনে দলীয় অবস্থান শক্তিশালী করা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।