কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের হোনাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা-যমুনা সেতু রেললাইনের হাইটেক পার্ক লোহার ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, ভোরে ওই যুবক রেললাইন দিয়ে হেঁটে চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়। কাটা পড়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। তবে মরদেহের সঙ্গে কোন কাগজপত্র না থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বয়স হতে পারে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফারুক হোসেন বলেন, ভোরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।