ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
GTV

শরণখোলায় এক সপ্তাহে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে থানা-পুলিশ। গত এক সপ্তাহে কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজাসহ ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্র। থানা-পুলিশ জানায়, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে থানায় ১১টি মাদকের মামলা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ২ আগস্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকাসহ আটক করে। এ সময় পুলিশ ইলিয়াসের বাড়িতে তল্লাশি করে চাইনিজ কুড়ালসহ কয়েকটি ধারালো অস্ত্রও উদ্ধার করেছে। ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ৮টি মামলা রয়েছে। শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন, শরণখোলা থানার নবাগত ওসি রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় মাদকের গডফাদারেরা সোশ্যাল মিডিয়ায় ওসির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে। মাদক নির্মূলে পুলিশের নেওয়া কঠোর পদক্ষেপকে বিতর্কিত করার এই চেষ্টার তীব্র নিন্দা জানান তাঁরা। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, শরণখোলাকে মাদকমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না বলে জানান তিনি।

শরণখোলায় এক সপ্তাহে ১০ মাদক কারবারি গ্রেপ্তার