ঠাকুরগাঁও বিজিবি'র অভিযানে কষ্টিপাথর মুর্তি উদ্ধার
মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের ডাবরী সীমান্তে বিজিবি'র বিশেষ অভিযানে কষ্টিপাথর মুর্তি উদ্ধার করা হয়। বুধবার ডাবরী সীমান্তে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর একটি বিশেষ টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের কষ্টি পাথরের মূর্তি আটক করা হয়। বৃহস্পতিবার বিজিবি'র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই দিন রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল কর্তৃক ডাবরী বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৮/১-এস হতে আনুমানিক ৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ‘মনিস কোয়ান’ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি কষ্টি পাথরের মূর্তি (২৪ কেজি ৪৫০ গ্রাম) আটক করা হয়। যার সিজার মূল্য সর্বমোট প্রায় ২৪ লাখ ৪৫ হাজার টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিন্তের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।