নওগাঁর মুন্দিখৈরে স্থানীয় সন্ত্রাসী আনিসুরের তাণ্ডব, প্রশাসনের নীরবতার অভিযোগ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরের মুন্দিখৈর গ্রামে স্থানীয় সন্ত্রাসী আনিসুর রহমান ও তার বাহিনীর বিরুদ্ধে একের পর এক হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। থানায় একাধিক জিডি থাকা সত্ত্বেও প্রশাসনের নীরবতায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি ছাগলের বাচ্চাকে কেন্দ্র করে মোছাঃ শেফালী (৪৮) নামের এক নারীকে লাঠিপেটা করে মৃত্যুর হুমকি দেওয়া হয়। এছাড়া জমি সংক্রান্ত বিরোধে এক বিধবা ও তার ১২ বছরের প্রতিবন্ধী সন্তানকে মারধর এবং গলায় চেপে ধরে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে। এমনকি রিয়াজ আহমেদ নামের এক তরুণের ব্যাংক অ্যাকাউন্ট থেকে জোরপূর্বক ৪ লাখ টাকা উত্তোলন ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় আহত হয়ে একাধিক ব্যক্তিকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে।ভুক্তভোগীরা প্রশ্ন তুলেছেন, সন্ত্রাসী আনিসুরের বিরুদ্ধে থানায় এতগুলো অভিযোগ থাকার পরও কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না?এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগগুলো পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।