নেত্রকোনায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমখি সংঘর্ষে বাবা, মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো তিনজন।
রোববার (৩১ মে) দুপুরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের আইনুল হক (৫৬), তার স্ত্রী নূরজাহান বেগম (৪১) এবং তাদের দুই মেয়ে ইতি আক্তার (১৮) ও স্মৃতি আক্তার (১৩)।
আহতদের মধ্যে হৃদয় (৩৯) ও মুস্তাকিম (২৭) নামে দুইজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নেত্রকোনা থেকে যাওয়া ময়মনসিংহগামী রুবি এন্টারপ্রাইজের একটি বেপরোয়া গতির বাস নেত্রকোনা শহর থেকে চার কিলোমিটার পশ্চিমে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা নির্মাণাধীন বাইপাস মোড়ে পৌঁছলে কুমড়ি থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচলিত অটোরিকশা বাঁক নেয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
অপরদিকে, নেত্রকোনা মডেল থানার ডিউটি অফিসার জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের কর্তা আইনুল হক মারা যান।