বিয়ের প্রলোভনে প্রতারণা: টাকা খেয়ে প্রেমিককে ভাগিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে অনড় এক তরুণীকে অসহায় অবস্থায় ফেলে রেখে প্রেমিককে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ উঠেছে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামের বিরুদ্ধে। অর্থমোহে পড়ে নিজ এলাকারই এক ভুক্তভোগী মেয়েকে বিসর্জন দেওয়ার এ ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।ভুক্তভোগী তরুণীর ভাষ্যমতে, এক যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবার ও লোকচক্ষুর আড়ালে রাখতে সম্প্রতি তরুণী তার প্রেমিককে নিজ বাড়িতে এনে বিয়ের জন্য চাপ দেন। তবে যুবকটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়।তরুণী বিয়ের দাবিতে অনড় থাকলে পরিস্থিতি বেগতিক দেখে ওই যুবক কৌশলে স্থানীয় ছাত্রদল নেতা রবিউল ইসলামের শরণাপন্ন হন। অভিযোগ উঠেছে, রবিউলকে মোটা অঙ্কের টাকা ঘুষ হিসেবে দেওয়া হলে তিনি অনৈতিকভাবে যুবকের পক্ষে অবস্থান নেন। তরুণীর পরিবারকে তোয়াক্কা না করে রবিউলের প্রত্যক্ষ সহায়তায় অভিযুক্ত প্রেমিক এলাকা থেকে সটকে পড়ে।ভুক্তভোগী তরুণী আক্ষেপ করে বলেন, "যার কাছে সুবিচারের আশায় গেলাম, সেই রবিউল ভাই টাকার বিনিময়ে আমার জীবন ধ্বংস করে দিল। অন্যায়ের প্রতিবাদ না করে টাকার কাছে সত্য বিক্রি করে দেওয়া হলো।"রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল পদে থেকে এক নারীর জীবন নিয়ে এমন অনৈতিক বাণিজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।