ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
GTV

আগামী ১ জুন থেকে পল্লবী শিশু হত্যা মামলার বিচারকাজ শুরু: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ১ জুন থেকে পল্লবী শিশু হত্যা মামলার বিচারকাজ শুরু হবে। তিনি বলেন, রামিসার বাবা একসময় বলেছিলেন, তিনি বিচার চান না। তখন আমি তাকে বলেছিলাম, ``হতাশার শেষ হবে যখন এই হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করব।’’ আজ বুধবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে মেধা ও মনন মঞ্চ এর আয়োজনে অনুষ্ঠিত মেধা ও মনন উৎসবের সমাপনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। পুলিশ নির্ধারিত সময়ের আগেই সেই কাজ সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। ১ জুন আদালত খোলার প্রথম দিন থেকেই পল্লবী শিশু হত্যা মামলার বিচারকাজ শুরু হবে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। মন্ত্রী বলেন, ``পল্লবী শিশুটির মতো মাগুরার আছিয়াসহ যেসব আলোচিত হত্যা মামলার আসামিরা কারাগারের নির্জন সেলে রয়েছে, সেসব মামলার নিষ্পত্তিও দ্রুত সময়ের মধ্যে করা হবে, ইনশাল্লাহ।’’ মন্ত্রী বলেন, তিনি অ্যাটর্নি জেনারেল থাকাকালে দেশের কয়েকটি স্পর্শকাতর হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হয়েছিল। এর মধ্যে মেজর সিনহা হত্যা মামলা ও আবরার ফাহাদ হত্যা মামলা উল্লেখযোগ্য। সে সময় অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার বিচার হাইকোর্ট পর্যন্ত সম্পন্ন করতে পেরেছিলেন। আশা করছেন, আপিল বিভাগও দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আগামী ১ জুন থেকে পল্লবী শিশু হত্যা মামলার বিচারকাজ শুরু: আইনমন্ত্রী