ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
GTV

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে রাজু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার মনির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে চুরির উদ্দেশ্যে রাজু মালঞ্চ এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে সন্দেহ করেন তাঁরা। একপর্যায়ে তাঁকে দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। এতে রাজু গুরুতর আহত হন। পরে সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাজুকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রেখে চলে যান। হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্য শরিফ ও আউটসোর্সিং কর্মীরা তাঁকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ‘প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয়দের মারধরের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি চোর ছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত