ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
GTV

ধর্ষণে ১২ বছরের শিশু ৫ মাসের অন্তঃসত্ত্বা

চাঁদপুরের শাহরাস্তিতে ধর্ষণের ঘটনায় ১২ বছরের এক শিশু ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নাসিরউদ্দিন নামে (৬০) এক বৃদ্ধের লালসার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী বাবা-মায়ের কন্যাসন্তানটি নাসির উদ্দিনের বাসায় প্রায় সময়ই ঘরের কাজ করতেন। সেই সুযোগে ধর্ষণের শিকার হয় মেয়েটি। ভুক্তভোগী শিশুটি জানায়, তার বাবা-মা সাত মাস আগে প্রতিবেশী নাসির উদ্দিনের অনুরোধে তাকে তার বাসায় কাজে পাঠায়। নাসির উদ্দিন সুযোগ পেলেই তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করত। গত ফেব্রুয়ারি মাসে জোরপূর্বক একটি রুমে নিয়ে তিনি ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়-ভীতি ও হুমকি-ধমকি দেয় এবং কাউকে জানালে তার পিতা-মাতাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। প্রাণভয়ে মেয়েটি কাউকে কিছু জানায়নি। গত মঙ্গলবার (২ জুন) শিশুটির চাচি শারীরিক পরিবর্তন দেখে জানতে চাইলে সে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটি ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত নাসির উদ্দিন পালিয়ে যায়। ভুক্তভোগী শিশুর মা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এখন আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমরা আইনের আশ্রয় নেব এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। চিতোষী পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমিও শুনেছি এবং এর সত্যতা পেয়েছি। একটি অসহায় পরিবারের সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করছি। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্ষণে ১২ বছরের শিশু ৫ মাসের অন্তঃসত্ত্বা