ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
GTV

ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের শারীরিক অবস্থার সুখবর দিলেন তানিয়া বৃষ্টি

গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকেই অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে স্বভাবতই ভক্তদের মনে ছিল গভীর উদ্বেগ। অনেকেই জানতে চাচ্ছিলেন, এখন কেমন আছেন তিনি। অবশেষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থার সুখবর দিয়েছেন তানিয়া বৃষ্টি। জানিয়েছেন, এখন অনেকটাই ভালো আছেন তিনি। ফেসবুকে তানিয়া বৃষ্টি লেখেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’ সুস্থ হয়ে আবারও শুটিংয়ে ও ক্যামেরার সামনে ফেরার তীব্র ইচ্ছার কথা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ।’ সবশেষে সবার কাছে দোয়া চেয়ে তানিয়া বৃষ্টি জানান, ঈদ উপলক্ষে ফেসবুকে লাইভে ভক্তদের সঙ্গে কথা বলবেন তিনি। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শুটিং থেকে দূরে থাকলেও এই ঈদে প্রচারিত হচ্ছে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এই নাটকগুলোর কাজ শেষ করেছিলেন তিনি। চলতি বছরের শুরুতে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় তাঁর প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে শারীরিক জটিলতা বাড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার হয়। গত মাসে তানিয়া বৃষ্টি জানিয়েছিলেন, তৃতীয় অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের শারীরিক অবস্থার সুখবর দিলেন তানিয়া বৃষ্টি