ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
GTV

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নে বাংলাদেশ, ঢাকায় বসছে ‘ইনোভেশন ফেয়ার ২০২৬’

বিজ্ঞানের আলোয় দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে এ মেলার আয়োজন করবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনদের এক প্ল্যাটফর্মে এনে দেশের একটি সমন্বিত উদ্ভাবনী পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে উদ্ভাবনকে বাজারের সঙ্গে যুক্ত করে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মেলায় ১৫০টির বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হবে। এতে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি নতুন ধারণা তুলে ধরার সুযোগ থাকবে। এ ছাড়া মেলায় ১৫টির বেশি সেশন ও সংলাপ অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। থাকবে একটি বিশেষ ‘ইনোভেশন হাব’, যেখানে নতুন ধারণা ও প্রযুক্তির প্রদর্শন এবং বিনিময়ের সুযোগ তৈরি হবে। মেলায় দেশি-বিদেশি ৫০টির বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে। একই সঙ্গে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ৫০টির বেশি শিল্প বিশেষজ্ঞ অংশ নেবেন। করপোরেট, শিল্প ও বাণিজ্যিক খাতের ৫০টির বেশি প্রতিষ্ঠানও এ আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেবে। মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তি, শিক্ষার্থী, গবেষক, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান, করপোরেট ও শিল্পপ্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, সরকারি সংস্থা, আন্তর্জাতিক ও দেশীয় বেসরকারি সংস্থা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, সেবাদাতা প্রতিষ্ঠান, স্টার্টআপ, আইডিয়া ইনকিউবেটর এবং সবুজ উদ্যোক্তারা এ মেলায় তাদের উদ্ভাবন প্রদর্শনের জন্য নিবন্ধন করতে পারবেন। ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর বাস্তবায়নকারী সংস্থা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। মেলায় প্রদর্শনীতে অংশ নিতে নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৬। আগ্রহীরা www.innovationfairbd.org ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন। আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্পখাতের সংযোগ আরও জোরদার হবে এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নে বাংলাদেশ, ঢাকায় বসছে ‘ইনোভেশন ফেয়ার ২০২৬’