ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
GTV

অনলাইন জুয়া: অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার

বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া ও বেটিং সাইটের মাধ্যমে সংগৃহীত অর্থ বিদেশে পাচারের অভিযোগে একটি চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে এই চক্রের মোট ১০ জনকে গ্রেপ্তার করা হলো। সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান আজ বৃহস্পতিবার বলেন, রাজশাহী ও ঝিনাইদহে গত বুধবার অভিযান চালিয়ে সৈয়দ জামান (২৭) ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। মামলার বরাত দিয়ে সিআইডি জানায়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত সাইবার মনিটরিংয়ে দেশের ভেতর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়া সাইটের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। তদন্তে বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে গত ১৭ মে রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করে সিআইডি। সিআইডি বলেছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার সৈয়দ জামানকে রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার রুহুল কুদ্দুস অনলাইন জুয়া সাইটে অর্থ জমা ও উত্তোলনের কার্যক্রম নিয়ন্ত্রণে যুক্ত ছিলেন। এর আগে গত ৭ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী ও নড়াইলে অভিযান চালিয়ে এ চক্রের আরও আট সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি। বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, তদন্তে অনলাইন বেটিং সাইটের পরিচালনাকারী, এজেন্ট, অর্থ লেনদেনে ব্যবহৃত এমএফএস ও ব্যাংক হিসাবের মালিক এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তে কাজ চলছে।

অনলাইন জুয়া: অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার