নিয়ামতপুরে সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন, স্থানীয় নেতাকর্মী ও কৃষকদের ক্ষোভ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে প্রায় ৬০ বছর বয়সী এক নারীকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমন্তপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ জান্নাতুন হাওয়ার মালিকানাধীন মেসার্স জান্নাত ট্রেডার্স সার ডিলারশিপ পেয়েছে। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস মাস্টারের স্ত্রী। আব্দুল কুদ্দুস মাস্টার শ্রীমন্তপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বলে স্থানীয়রা জানিয়েছেন।তাদের ছেলে মোহাম্মদ গোলাম সারোয়ার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।সার ডিলার নিয়োগের বিষয়টি সামনে আসার পর স্থানীয় কয়েকজন নেতাকর্মী ও কৃষক অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, দলের দুর্দিনে মাঠে থাকা ত্যাগী নেতাকর্মী এবং দীর্ঘদিন ধরে কৃষি ও সার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তিদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।স্থানীয় কৃষকদের একাংশের প্রশ্ন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে কী কী যোগ্যতা ও নীতিমালা অনুসরণ করা হয়েছে এবং আবেদনকারীদের মধ্য থেকে কোন প্রক্রিয়ায় মেসার্স জান্নাত ট্রেডার্সকে নির্বাচন করা হয়েছে—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিষ্কার করা প্রয়োজন।তবে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে প্রকৃত তথ্য আরও স্পষ্ট হবে। একই সঙ্গে মেসার্স জান্নাত ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছাঃ জান্নাতুন হাওয়ার বক্তব্যও জানা প্রয়োজন।স্থানীয় নেতাকর্মী ও কৃষকেরা সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া যাচাই করে যোগ্যতা ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।