মুন্সিগঞ্জের মানুষের জন্য সর্বোচ্চ সেবা দেয়ার প্রতিশ্রুতি দিলেন নবাগত পুলিশ সুপার মো. বদরুদ্দোজা
মুন্সীগঞ্জ প্রতিনিধি,হাসেম সরদার
মুন্সীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবাগত পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।বুধবার (১১ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন
পুলিশ সুপার মো. বদরুদ্দোজা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি, ও যানজট নিরসনের পাশাপাশি সাইবার বুলিং, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ কাজ করবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও সর্বপরি অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. আকবর আলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।