শ্রীমঙ্গলে র্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদসহ গ্রেফতার ১
অন্তর মিয়াশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৭ বোতল (৫৭ লিটার) দেশীয় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের মদ উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় প্রমোদ ভৌমিক (৫৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত প্রমোদ ভৌমিক শ্রীমঙ্গল থানার মৃত মানিক ভৌমিকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গলের কালীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে প্রমোদ ভৌমিককে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৫ বোতল (২৫ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে একই রাতে আনুমানিক ১১টা ৩৫ মিনিটে কালীঘাট ইউনিয়নের একটি চা বাগানে দ্বিতীয় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩২ বোতল (৩২ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে র্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
