ঢাকা জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
অদ্য ১০ আগস্ট ২০২৬ খ্রি. ঢাকা জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর মধ্যে শিল্পাঞ্চলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি সমন্বিতভাবে ও দ্রুততার সঙ্গে মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।এ সময় সভায় উভয় ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানা ও সাভার থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা সঠিকভাবে পাচ্ছেন কি না, তা সরেজমিনে যাচাই-বাছাই করেন।এ সময় পুলিশ সুপার মহোদয় থানায় আগত সেবাপ্রত্যাশী ও ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিযোগ ও সমস্যার বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন। জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, ভিকটিমদের যথাযথ সেবা প্রদান এবং আইনগত সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।