সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ পরিষদ গঠনের প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রস্তাবিত ইউনিয়নের আওতাভুক্ত এলাকার বাসিন্দারা তাঁদের মতামত, দাবি ও পরামর্শ তুলে ধরেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ১ থেকে ৪ নম্বর ওয়ার্ড এবং রায়গঞ্জ থানার চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে নতুন এ ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে।গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান, সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।