পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু: ১২০ স্টলে দেশীয় পণ্যের সমাহার
পটুয়াখালী জেলা প্রতিনিধি ,মো:ইউসুফ (সজিব)
‘ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শহরের ডিসি স্কয়ার মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আলমগীর সিকদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বক্তারা এ সময় স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ ও সার্বিক সহযোগিতার ওপর বিশেষ জোর দেন।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের মেলায় মোট ১২০টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রাঙ্গণে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত নানা ধরনের আকর্ষণীয় হস্তশিল্প, কুটিরশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, খাদ্যপণ্য ও প্রসাধনীসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। এছাড়া মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী এবং শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইডের ব্যবস্থা।
আয়োজকরা জানান, মেলাটি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা তাদের পণ্যের পরিচিতি ও সরাসরি বিক্রির দারুণ সুযোগ পাচ্ছেন, যা তাদের ব্যবসায়িক পরিসর বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।