সৈয়দপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও গর্ভপাতের হুমকির অভিযোগে থানায় মামলা/অভিযোগ
মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী,সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত ঘটানো এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর ভাই মো. মাহাবুব হাসান বাদী হয়ে সৈয়দপুর থানায় এ অভিযোগ করেন।
অভিযোগে চারজনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন—কাজী সুমন (২৫), কাজী জাহিদ (৩০), কাজী ময়নুল (৬০) এবং জরিনা বেগম (৫৫)। অভিযুক্তদের বাড়ি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর কাজীপাড়া এলাকায়।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ মোছা. মাহাফুজা আক্তার (২১) প্রায় এক বছর আগে ইপিজেডে চাকরি করতেন। সে সময় যাতায়াতের পথে বিবাদী কাজী সুমন তাকে প্রেমের প্রস্তাব ও নানা প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেন এবং পরিবারের অজান্তে বিয়ে করেন। বিয়ের পর বিভিন্ন স্থানে ভাড়া বাসায় সংসার শুরু করলেও পরিবারের অন্য সদস্যদের কুপরামর্শে সুমন স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এর আগে গৃহবধূ অন্তঃসত্ত্বা হলে অন্য বিবাদীদের প্ররোচনায় জোরপূর্বক ঔষধ সেবনের মাধ্যমে তার গর্ভপাত করানো হয়। পরবর্তীতে স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্ত্রীকে মারধর ও নির্যাতন অব্যাহত রাখেন। সম্প্রতি আবারও চার মাসের অন্তঃসত্ত্বা হলে তাকে ভাড়া বাসা থেকে বের করে দেওয়া হয় এবং তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন।
গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে স্ত্রীর দাবিতে স্বামীর বাড়িতে গেলে বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসলেও বিবাদীরা তাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানান এবং পরবর্তীতে অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই তালাকের নোটিশ পাঠান।
বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ ও তার অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন পরিবারটি। স্থানীয়দের পরামর্শে আইনের আশ্রয় নিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
ভুক্তভোগী নিজেই থানায় অভিযোগ করেছেন এই বিষয়ের উপর।
মতামত