তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ
ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার:
খুলনার তেরখাদা উপজেলায় মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনি শরীরের তিন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।আহত মাফিক সরদার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে মোকামপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। তার বাম হাত, বাম পা ও কোমরের বাম পাশে গুলি লেগেছে।তেরখাদা থানার ওসি (তদন্ত) কবির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিল। মাফিক সরদার ঘটনাস্থলে পৌঁছালে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে তিনি তিন স্থানে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।
মতামত