প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোবিন্দগঞ্জে উৎসবমুখর পরিবেশ, ফ্লাইওভার উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী
মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামী ৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় (হাইস্কুল) মাঠে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।প্রধানমন্ত্রীর আগমন ও সম্ভাব্য জনসভা সফল করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জনসভাস্থল গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এ সময় তাঁরা মাঠের পরিবেশ, সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোবিন্দগঞ্জবাসীর সবচেয়ে বড় প্রত্যাশাগুলোর একটি হলো দীর্ঘদিনের প্রতীক্ষিত গোবিন্দগঞ্জ ফ্লাইওভারের উদ্বোধন। ফ্লাইওভারটি উদ্বোধন হলে স্থানীয় যোগাযোগব্যবস্থা ও যান চলাচলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী।তবে গোবিন্দগঞ্জের মানুষের প্রত্যাশা কেবল ফ্লাইওভার উদ্বোধনেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপদের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। পাশাপাশি ঐতিহ্যবাহী মহিমাগঞ্জ সুগার মিল পুনরায় চালুর বিষয়টিও তাঁদের অন্যতম প্রধান দাবি।স্থানীয়দের মতে, গোবিন্দগঞ্জে ইপিজেড প্রতিষ্ঠা করা গেলে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। অন্যদিকে মহিমাগঞ্জ সুগার মিল পুনরায় চালু হলে আখচাষি, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি ফিরবে।এখন গোবিন্দগঞ্জবাসীর দৃষ্টি প্রধানমন্ত্রীর সফরের দিকে। তাঁদের প্রত্যাশা, এই সফর শুধু ফ্লাইওভার উদ্বোধন ও জনসভায় সীমাবদ্ধ না থেকে এলাকার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা, কর্মসংস্থান সংকট এবং অর্থনৈতিক সম্ভাবনার বিষয়গুলোও গুরুত্ব পাবে।ফ্লাইওভারের উদ্বোধনের আনন্দের পাশাপাশি ইপিজেড প্রতিষ্ঠা ও মহিমাগঞ্জ সুগার মিল পুনরায় চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক ঘোষণা পেলে গোবিন্দগঞ্জের উন্নয়নের ইতিহাসে যুক্ত হতে পারে নতুন অধ্যায়—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
মতামত