সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ,মোঃ আব্দুর রব মনসুর,
সিরাজগঞ্জের এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার কয়েক দিন পর সোমবার (২৩ নভেম্বর) নিহতের ছেলে ইয়াকুব আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি করেন।মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। নিহত আশরাফ আলী (৫৮) দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তিনি গোপরেখী ধরপাড়া গ্রামের সোহরাব আলী ব্যাপারীর ছেলে।পুলিশের তথ্য অনুযায়ী, এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ভাঙ্গাবাড়ি গ্রামের রইস উদ্দিন ব্যাপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামার গ্রামের কলেজপাড়ার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনা মিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫) এবং গোপরেখীর মো. ইয়াহিয়া (৩২)।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকানে বসে ছিলেন আশরাফ আলী। এ সময় মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে গিয়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিনকে। মঙ্গলবার সকালে এনায়েতপুর থানার ওসি মো. মোহায়মিনুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মতামত