বদলগাছীতে হাত-পা ও মুখে ইট বেঁধে ক্যানেলে ফেলে দেওয়া ব্যক্তি জীবিত উদ্ধার
নওগাঁ জেলা প্রতিনিধি: আসিক হাচান
নওগাঁর বদলগাছী উপজেলায় এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে এবং কোমরে পাঁচটি ইট ঝুলিয়ে ক্যানেলের পানিতে ফেলে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই ব্যক্তিকে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে বদলগাছী সদর ইউনিয়নের মাতাজি রোডস্থ নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার দক্ষিণ পাশে এই নৃশংস ঘটনা ঘটে।ভুক্তভোগী ব্যক্তির নাম মর্তুজা (৪৫)।তিনি বদলগাছী হাড়িপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যানেলের পাশে অবস্থিত একটি ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল (পিতা: আবুল কালাম আজাদ, গ্রাম: ব্যাসপুর) ঘটনার সময় দোকান থেকে ভিকটিমের গোঙানির আওয়াজ পান। এরপর তিনি টর্চলাইটের আলো ফেলে ক্যানেলের ভেতর ওই ব্যক্তিকে ছটফট করতে দেখেন।তার চিৎকার ও ডাকাডাকিতে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।উপস্থিত জনতা ক্যানেলের পানি থেকে মর্তুজাকে উপরে তোলেন। এ সময় দেখা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা তার হাত, পা ও মুখ বেঁধে এবং কোমরে ভারী পাঁচটি ইট বেঁধে পানিতে ডুবিয়ে মারার জন্য ফেলে রেখে গিয়েছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হলে তারা এসে ভিকটিমকে দ্রুত উদ্ধার করে বদলগাছী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং জীবিত আছেন।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বদলগাছী থানার অফিসার ও পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।