ইতালি রোমে কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা, জমকালো আয়োজনে উদ্বোধনী দিন উদযাপন: দর্শকদের ভালোবাসায় বৈশাখী মেলার টিকিট ১৫ থেকে ১০ ইউরো। এই মেলা থাকবে ১০ ও ১১ আগস্ট পর্যন্ত।মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ইতালির রাজধানী রোমে কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। জমকালো আয়োজন, নাচ-গান ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনায় মেলার প্রথম দিনের অনুষ্ঠান মুখর হয়ে ওঠে।৯ আগস্ট মেলার উদ্বোধনী দিনের সাংস্কৃতিক পর্বে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি লক্ষ্য করা যায়। দেশীয় সংস্কৃতি ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবহে প্রবাসীদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।অনুষ্ঠানে ছিল আকর্ষণীয় নৃত্য পরিবেশনা। পাশাপাশি বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও সিথি সাহা সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দর্শকরা শিল্পীদের কাছে পছন্দের বিভিন্ন গানের অনুরোধ জানান এবং প্রাণভরে অনুষ্ঠান উপভোগ করেন।দর্শকদের অভাবনীয় সাড়া ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে মেলার ১০ আগস্ট ও ১১ আগস্ট এর পর্বগুলোর জন্য টিকিটের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে আয়োজক কমিটি। আগে সাধারণ টিকিটের মূল্য ১৫ ইউরো নির্ধারণ করা হলেও এখন তা কমিয়ে ১০ ইউরো করা হয়েছে। ফলে পরবর্তী অনুষ্ঠানগুলোতে দর্শকরা মাত্র ১০ ইউরোতে প্রবেশের সুযোগ পাবেন।কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, “প্রবাসীদের জন্য স্বাস্থ্যকর বিনোদনের ব্যবস্থা করা এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। দর্শকদের ভালোবাসা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতিতেই আমাদের এই আয়োজন সার্থক হয়েছে।”সমিতির পক্ষ থেকে মেলার পরবর্তী দিনের অনুষ্ঠানগুলোতেও প্রবাসী বাংলাদেশিদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণে বৈশাখী মেলার পরবর্তী পর্বগুলো আরও উৎসবমুখর ও বর্ণিল হয়ে উঠবে।তিন দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে রোমের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।