পলাশবাড়ীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কঠোর নির্দেশ
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে সড়ক-ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে কঠোর নির্দেশ দিয়েছে পৌর প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট সরিয়ে না নিলে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে সেগুলো ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার রাতে পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এ নির্দেশনা দেন।পৌর প্রশাসনের নির্দেশ অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে, প্রেস ক্লাব রোড, পিয়ারী স্কুলের সামনে এবং পোস্ট অফিসের সামনের সড়ক ও ফুটপাত দখল করে বসানো সব দোকানপাট সরিয়ে নিতে হবে। এ সময়ের পর কোনো দোকান বা অস্থায়ী স্থাপনা পাওয়া গেলে তা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হবে বলে ব্যবসায়ীদের জানানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে দোকানপাট, ভ্যান, অস্থায়ী স্টল ও পণ্যসামগ্রী রাখার কাজে ব্যবহৃত হয়ে আসছে। এতে ফুটপাত দিয়ে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে ব্যস্ত সড়কগুলোতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।পৌর প্রশাসন জানিয়েছে, সড়ক ও ফুটপাত কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের দখলে রাখার সুযোগ নেই। জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং পৌর এলাকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।প্রশাসনের এ নির্দেশনার পর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে দোকানপাট সরিয়ে নেওয়ার প্রস্তুতি দেখা গেছে। তবে নির্ধারিত সময়ের পরও কেউ নির্দেশনা অমান্য করে সড়ক বা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌর প্রশাসন।