কুষ্টিয়ায় রেললাইনে মিলল গার্মেন্টস শ্রমিকের লাশ
কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের ওপর থেকে জয়নাল আবেদীন (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ আটষট্টিপাড়া এলাকা সংলগ্ন রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাসিন্দা নয়ামিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে খুলনা হতে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হ্চ্ছে । পরে সকালে রেললাইনের ওপর এক তরুণের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও ইউপি সদস্যকে খবর দেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। জয়নাল আবেদীনের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে-তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিচয় শনাক্তের পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি হয়েছে। তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।