গাজীপুরের নাওজোর-কড্ডা এলাকায় পুলিশের গাড়িতে আগুন ও সাংবাদিক হেনস্থা।
মোঃ মাইনুদ্দিন শিকদার,স্টাফ রিপোর্টার গাজীপুর।
গাজীপুর মহানগরীর নাওজোর-কড্ডা এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে পুলিশের
একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জোবায়ের হোসেন ইফতি।
আজ সোমবার (২ নভেম্বর) গাজীপুর বাসন থানাধীন নাওজোর-কড্ডা এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলনের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলনের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে যায়।
তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক মোঃ জোবায়ের হোসেন ইফতিকে হেনস্তার শিকার হতে হয়। তবে কারা তাঁকে হেনস্তা করেছে এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান,শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের সম্পৃক্ততায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে মনে করেন তারা।পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।