ঠাকুরগাঁওয়ের হরিপুরে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়: আতঙ্কিত না হওয়ার আহ্বান পাম্প মালিকের
মো পজিরুল ইসলাম (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পেট্রোল পাম্পগুলোতে আবারও জ্বালানি তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহন চালকদের। পেট্রোল, অকটেন ও ডিজেল সংগ্রহের জন্য বাইক ও অন্যান্য যানবাহনের ভিড় হঠাৎ করেই বেড়ে গেছে। তবে পাম্পে পর্যাপ্ত তেলের সরবরাহ রয়েছে জানিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পাম্প কর্তৃপক্ষ।স্থানীয় সূত্রে জানা যায়, তেল শেষ হয়ে যেতে পারে—এমন গুজব বা আশঙ্কায় গতকাল থেকে হরিপুরের পেট্রোল পাম্পে হঠাৎ সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হেলমেট হাতে বাইক চালক থেকে শুরু করে অন্যান্য পরিবহন চালকরা তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।তবে জ্বালানি সংকটের বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন পাম্প মালিক। পাম্প মালিকের সাথে কথা বলে জানা গেছে, পেট্রোল, অকটেন কিংবা ডিজেল—সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত সাপ্লাই বা সরবরাহ রয়েছে। তেলের কোনো ঘাটতি বা সংকট নেই।পাম্প মালিক সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, *"আমাদের পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ রয়েছে। সাপ্লাইও স্বাভাবিক। মানুষকে অনুরোধ করছি আপনারা আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করুন। অযথা আতঙ্কিত হয়ে বেশি তেল কেনার প্রয়োজন নেই।"হঠাৎ এই ভিড় সামলাতে পাম্পের কর্মীদেরও বাড়তি হিমশিম খেতে হচ্ছে। প্রশাসন ও সচেতন মহল থেকেও স্থানীয়দের শান্ত থাকার এবং স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।