মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের নির্বাচনী শো ডাউন
মোঃ ফিরোজ আহমেদ তালুকদার।বাগেরহাট প্রতিনিধঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের শোভাযাত্রা ও শো ডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে তাঁর নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।বিকেল ৩টায় ভাইজোড়া খান আবুবকর একাডেমি চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নব্বইরশি বাসস্ট্যান্ড হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় কর্মী-সমর্থকদের হাতে ছিল ব্যানার ও লিফলেট। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের রাজপথ। শোভাযাত্রার ব্যানারে আসাদুজ্জামান মিলনকে মেয়র হিসেবে সমর্থনের আহ্বানের পাশাপাশি দুর্নীতিমুক্ত কল্যাণমুখী মডেল পৌরসভা গঠন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়ন, সুপেয় পানির সমস্যা সমাধান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত ও একটি আধুনিক, পরিচ্ছন্ন ও কল্যাণমুখী পৌরসভা গড়তে আসাদুজ্জামান মিলনের নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্যেই তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।