নওগাঁয় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আশিক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে পুকুরের পানিতে ডুবে রায়য়ান নামের ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সকালে বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের মহদীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রায়য়ান ওই গ্রামের মোঃ রতন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯:০০ ঘটিকার সময় শিশু রায়য়ান তার মায়ের অগোচরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। খেলার ছলে একপর্যায়ে সে প্রতিবেশী আখতারুজ্জামান রঞ্জু মাস্টারের পুকুরপাড়ে চলে যায় এবং অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটির ফুফু গৃহস্থালি কাজের জন্য বাইরে বের হলে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রায়য়ানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্বজনেরা শিশুর মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন এবং বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়া মাত্রই থানা থেকে এসআই জিয়া ও অফিসার ফোর্সসহ একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছায়।
বর্তমানে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিশুর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।