গাইবান্ধায় কোর্ট পুলিশের কার্যক্রমে পেশাদারিত্ব বাড়ানোর নির্দেশ দিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা সদর কোর্টের সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক পরিদর্শন করেছেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি গাইবান্ধা সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেন। কোর্টে পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ হিপজুল আলম মুন্সি।
বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন কোর্টের সার্বিক কার্যক্রম, দায়িত্ব ও ডিউটি ব্যবস্থা, বিভিন্ন রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত নথিপত্র, মালখানা এবং সংরক্ষিত মালামালসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার কর্মরত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনসেবামূলক পুলিশিং আরও কার্যকর ও গতিশীল করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, পুলিশের প্রতিটি দায়িত্বশীল কর্মকাণ্ডে শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতিফলন থাকা প্রয়োজন। জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীলতা ও সেবার মান আরও উন্নত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় কোর্ট পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।