মোঃ শহিদুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেলকুচি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুল মালেকের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আযম, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন শামীম, সাবেক কাউন্সিলর মো. আলম প্রামাণিক, জহুরুল মেম্বার, বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওমর ফারুক পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান লাবন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়া আহমেদ, পৌর বিএনপির সদস্য বিপ্লব সরকারসহ স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা। নির্বাচন কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী, বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ১৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২১ সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৩ সেপ্টেম্বর বৈধ ও বাতিল মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা নিয়ে আপিলের সুযোগ থাকবে ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আপিলের শুনানি ও সিদ্ধান্ত নেওয়া হবে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হবে। নির্বাচন কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবস্থাপনা কমিটির মোট ১২টি পদের মধ্যে ১জন সভাপতি, ১জন সহসভাপতি এবং ৬জন পরিচালক/সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। সভাপতি ও সহসভাপতি পদে সমগ্র নির্বাচনী এলাকার বৈধ প্রতিনিধিরা ভোট দেবেন। এছাড়া ছয়টি নির্বাচনী এলাকা থেকে ছয়জন পরিচালক/সদস্য নির্বাচিত হওয়ার কথা রয়েছে। অবশিষ্ট চারটি পদ সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিবন্ধক কর্তৃক মনোনীত হওয়ার বিধান রয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “আমি সভাপতি পদে নির্বাচিত হলে সরকারি এই দপ্তরে বিদ্যমান অনিয়মগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেব। পাশাপাশি সমবায়ভিত্তিক সেবার মানোন্নয়নে কাজ করব।” মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার বয়ড়াবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মোতালেব হোসেন ও মোছা. ময়না বেগমের ছেলে।